রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা লুট, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে ফিলমি স্টাইলে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় মাসুদ রানা ওরফে বাবু নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাঞ্চন এলাকা থেকে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত আরও দুজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা ওরফে বাবু উপজেলার বিরাব দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) হুমায়ুন কবির জানান, উপজেলার কাঞ্চন এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে সবুজ মিয়া একজন থাই এলোমিনিয়াম ব্যবসায়ী। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সবুজ মিয়া মালামাল বিক্রি করার টাকা গুনছিলেন।
এ সময় ছিনতাইকারী মাসুদ রানা ওরফে বাবুসহ পাঁচাইখা এলাকার হাবিবুর মিয়ার ছেলে হৃদয় ও চৌধুরীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবুল খায়ের হাতে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠানে সবুজ মিয়াকে জিম্মি করে। পরে ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী সবুজ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ বুধবার সকালে কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকা ও ধারারো অস্ত্রসহ ছিনতাইকারী মাসুদ রানা ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












