আট বাংলাদেশি গবেষক পেলেন এআইবিএস ফেলোশিপ

পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশবিষয়ক গবেষণার জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ফেলোশিপ বিজয়ীদের নাম ঘোষণা করেছে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও সাত বাংলাদেশি আমেরিকান এ ফেলোশিপ অর্জন করেছেন।
আরও পড়ুন>>অপেক্ষার অবসান, মূল সনদ পেতে যাচ্ছেন বেরোবির শিক্ষার্থীরা
এআইবিএস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম অধ্যাপক ড. মোহাম্মদ তারেক হাসান। তিনি নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। ড. হাসান ভিজিটিং ফেলো হিসেবে ওরেগন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লামিয়া করিমের সঙ্গে গবেষণা এজেন্ডা তৈরি, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সুবিধা ব্যবহার এবং অ্যাকাডেমিক লেখা ও প্রকাশনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণে কাজ করবেন। এছাড়া আমেরিকায় অধ্যয়নরত সাত বাংলাদেশি আমেরিকান পিএইচডি গবেষক ও স্নাতক ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেনের সাদিয়া আশরাফি, ইউনিভার্সিটি অব টেক্সাসের সামিরা বাশার ও রোবায়েত খন্দকার, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির পারভেজ রহমান, ইউনিভার্সিটি অব উইসকনসিন-মিলওয়াকির মানিয়া তাহের, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সালওয়া হক, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের শরীফ ওয়াহাব।
এআইবিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা এআইবিএস গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপের জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আবেদন পেয়েছি দেখে অত্যন্ত আনন্দিত। এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিষয়ক গবেষণা নিয়ে আগ্রহ বৃদ্ধির প্রতিফলন।’ অধ্যাপক রীয়াজ আশা করেন, আগামী বছরগুলোতে এআইবিএস ফেলোশিপ কর্মসূচির আওতা আরও বাড়াতে সক্ষম হবে।’
ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে এআইবিএস বাংলাদেশি একাডেমিকদের পেশাদার উন্নয়নের সুযোগ তৈরি করে থাকে এবং বাংলাদেশ বিষয়ক নতুন নতুন গবেষণা উদ্যোগকে সহায়তার মাধ্যমে বাংলাদেশ স্টাডিজকে এগিয়ে নিতে চায়।
এআইবিএস বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমিয়ার পারস্পরিক যোগাযোগ এবং বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ নিয়ে কাজ করার একমাত্র সমন্বয়ক সংস্থা।
উল্লেখ্য, বর্তমানে ২৮টি মার্কিন বিশ্ববিদ্যালয় এআইবিএস-এর সদস্য। এছাড়া ২৫টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার জন্য এআইবিএস বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এআইবিএস আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টার্স কাউন্সিলের সদস্য।
(ঢাকাটাইমস/১২জুন/এসকে/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































