ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উরোজাহাজ সংকট, আসন্ন হজ কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণসহ অভ্যন্তরীণ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।
তিনি আরও জানান, এ কারণে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সহযোগিতা কামনা করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













