নিউইয়র্কের আদালতের মুখোমুখি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের মামলায় আজ সোমবার (৫ জানুয়ারি) তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের আটক করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার রাতেই তাদের নিউইয়র্কে স্থানান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। তবে মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে, মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তাকেও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেন, তাহলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ায়নি। তিনি বলেন, দেশটির নতুন নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র সহযোগিতার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি দাবি করেন, তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান, মাদুরোকে আটক করার সময় তার নিরাপত্তা দলের একাধিক সদস্য নিহত হয়েছেন, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
এদিকে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাদের আঘাত গুরুতর নয়।
(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































