কড়া নিরাপত্তার মধ্যে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করছেন। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ভোট প্রদানকারী শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। ভোট শেষে শিক্ষার্থীরা ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগে শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ভোটগ্রহণ শুরুর সময় থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক অবস্থান করবে। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নন—এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির পর ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













