নিরাপত্তার অজুহাতে জনদুর্ভোগ সৃষ্টি, দাসেরকান্দিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:১৮
অ- অ+

লাখ লাখ মানুষের চলাচলের একমাত্র সহজ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে রাজধানীর ৭৫ নম্বর ওয়ার্ডের দাসেরকান্দিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দাসেরকান্দি এলাকায় মোহনা আবাসিক ভূমি কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শহিদুল্লাহ। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী মিয়া, মো. সুজায়েত আলী ও মো. শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, আফতাব নগর ইস্টার্ন হাউজিংয়ের একেবারে শেষ প্রান্তে দাসেরকান্দি নতুন ব্রিজ থেকে দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডিএসটিপি) প্রকল্প এলাকা পর্যন্ত ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩০ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা নির্মাণ করে। এই রাস্তা চালু হওয়ার ফলে আফতাবনগর, মেরাদিয়া ও আশপাশের এলাকার লাখ লাখ মানুষের যাতায়াত সহজ হয়।

তবে অভিযোগ করে বক্তারা বলেন, সম্প্রতি নিরাপত্তার অজুহাত দেখিয়ে ডিএসটিপি কর্তৃপক্ষ ওই সরকারি রাস্তার মাঝখানে প্রাচীর ও নিরাপত্তা গেট নির্মাণের উদ্যোগ নেয়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী মিয়া বলেন, “এই রাস্তাই এলাকাবাসীর প্রধান যোগাযোগ মাধ্যম। ত্রিমোহিনী গুদারাঘাট এলাকায় ব্রিজ না থাকায় বিকল্প কোনো পথও নেই। রাস্তা বন্ধ হয়ে গেলে লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়বে।”

বক্তারা আরও বলেন, সরকারি রাস্তা দখল করে নিরাপত্তার নামে প্রাচীর ও গেট নির্মাণের কোনো যৌক্তিকতা নেই। এটি ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কাজ। দ্রুত তদন্ত করে রাস্তা খুলে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে জনসাধারণের চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তা উন্মুক্ত রাখার দাবি জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক
শনিবার খোলা সব সরকারি অফিস ও ব্যাংক