গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি

গাজীপুরে হাবিব চৌধুরী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যক্রমে তার শরীরে গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম ।
তিনি জানান, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সূত্র ধরে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে মোটরসাইকেলটি চালিয়ে দেখার নাম করে দুই ছিনতাইকারী বাইকটি চালু করে হাবিবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় হাবিব চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী বলেন, ‘আমার বাইকের মূল দামের চেয়ে তারা কিছুটা বেশি দাম বলেছিল। আমি তাদের বাইক দেখাতে গেলে একজন আমার বাইকের কাগজ নেয়। আরেকজন চালিয়ে দেখবে বলে বাইক নিয়ে কিছুটা দূরে গিয়ে অপরজনকে ডাক দেয় এবং আমার দিকে দুটি গুলি নিক্ষেপ করে।’
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













