ঝিনাইদহে ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কাপড় শুকাতে দেওয়া নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহাসিন ওরফে সোহান (২৭) এবং অভিযুক্ত বড় ভাই নজরুল ওরফে সুমন (৩৫)। তাঁরা ওই গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কাপড় শুকাতে দেওয়া নিয়ে ঝগড়া হয়। এ সময় ছোট ভাই সোহান মাঠে কৃষিকাজ করছিলেন। পরে বড় ভাই নজরুল বাড়িতে ফিরে স্ত্রীর কাছে ঝগড়ার কথা শুনে ক্ষুব্ধ হন। এরপর তিনি মাঠে গিয়ে ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে মহাসিন গুরুতর আহত হন।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন এবং হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











