দেশের কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: ফখরুল

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
মির্জা ফখরুল বলেন, দেশের সংকটময় সময়ে বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরাকে মানুষ গভীর আশার চোখে দেখছে।
তিনি বলেন, আজকে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। এই সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।
বিএনপি মহাসচিব বলেন,গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ তারেক রহমান নিজেই প্রকাশ করেছিলেন। সেই আগ্রহের প্রেক্ষিতেই আজ সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় উপলক্ষে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































