বিএনপির থেকে জামায়াত-এনসিপি জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেক এগিয়ে আছে বলে দাবি করেছে ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ দাবি করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।’
একটি বিশেষ দলকে সুবিধা করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিশেষ দলকে সুবিধা দেওয়ায় প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে, তারা সে অনুযায়ী কাজ করছে।’ এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ।
তিনি বলেন, ‘ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
নাহিদ বলেন, ‘নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতিতে আমি বলবো বিএনপির জোট থেকে জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













