গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়াল ৭১ হাজার, আহত ১ লাখ ৭১ হাজারের বেশি

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় সংঘটিত সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১,৪১৯ জনে। আহত হয়েছেন অন্তত ১,৭১,৩১৮ জন। সোমবার (১২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবরের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ৪৪২ জন নিহত এবং ১,২৪০ জন আহত হয়েছেন। এ যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এছাড়া ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, গাজার বাইরে চিকিৎসার জন্য ১৮ হাজারের বেশি রোগীকে সরিয়ে নেওয়া প্রয়োজন।
ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গাজায় ৩৯ হাজারের বেশি শিশু এক বা উভয় অভিভাবককে হারিয়েছে। এর মধ্যে প্রায় ১৭ হাজার শিশু সম্পূর্ণ এতিম। এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। প্রথম ধাপে জিম্মি মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ত্রাণ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় ধাপে গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং প্রশাসনিক কাঠামো গঠনের পরিকল্পনা রয়েছে।
(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































