ভারতের পিএসএলভি রকেট উৎক্ষেপণের পরই পথচ্যুত, ১৬ স্যাটেলাইট হারালো মহাকাশে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০১| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৪
অ- অ+

ভারতের মহাকাশ গবেষণায় বড় ধরনের ব্যর্থতা ঘটেছে। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) মিশন সি-৬২ সোমবার (১২ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলেও কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এতে ১৬টি বহন করা স্যাটেলাইট বা উপগ্রহ হারিয়ে গেছে।

২৬০ টন ওজনের রকেটটি সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের উৎক্ষেপণ স্বাভাবিকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে ত্রুটি দেখা দেয়। উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর মিশন থেমে যায় এবং মিশন কন্ট্রোল থেকে আর কোনো টেলিমেট্রি তথ্য পাওয়া যায়নি।

ইসরো জানিয়েছে, রকেট নির্ধারিত গতিপথ থেকে সরে গিয়েছে। ব্যর্থতা বিশ্লেষণ কমিটি ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন জানান, “আমরা তথ্য বিশ্লেষণ করছি এবং প্রয়োজনীয় আপডেট শিগগিরই প্রদান করব।”

মিশন সি-৬২-তে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ এবং ইসরোর ইওএস-এন১ উপগ্রহও অন্তর্ভুক্ত ছিল।

এটি আট মাসের মধ্যে পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। এর আগে সি-৬১ মিশনেও তৃতীয় ধাপে ত্রুটির কারণে উপগ্রহ হারাতে হয়। এতে পিএসএলভির দীর্ঘদিনের উচ্চ সাফল্যের রেকর্ডে আঘাত লেগেছে।

উল্লেখ্য, তুলনামূলক কম খরচে প্রতিষ্ঠিত শক্তিধর দেশগুলোর অর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার দাবি করলেও, এই ধরনের ব্যর্থতা দেশটির মহাকাশ কর্মসূচির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা