থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২, আহত ৭৯

ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের ক্রেন ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং ৭৯ জনের বেশি আহত হয়েছেন।
দুর্ঘটনা বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় ঘটে। এলাকা রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রেনের বগিগুলোতে বহু যাত্রী আটকা পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে।
ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের জন্য ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাচাসিমার দিকে যাচ্ছিল। বিশাল ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়ায় অন্যান্য বগি লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়, যা হতাহতের সংখ্যা বাড়িয়েছে।
থাইল্যান্ডের স্টেট রেলওয়ে জানিয়েছে, ট্রেনে আসন অনুযায়ী ১৯৫ জন যাত্রীর নাম ছিল, তবে বাস্তবে যাত্রী সংখ্যা এর চেয়ে কম বা বেশি হতে পারে।
উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন দুর্ঘটনার পর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক তদন্ত’ চালানোর নির্দেশ দিয়েছেন। তদন্তে প্রকৃত কারণ, নির্মাণকাজে গাফিলতি এবং নিরাপত্তা মানদণ্ডের যথাযথ পালন খতিয়ে দেখা হবে।
দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও স্বজনদের জানানো হচ্ছে।
(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































