পে স্কেল দ্রুত বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা

নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে-স্কেল সংক্রান্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকালে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে। তিনি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছেন বলে জানান।
উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













