মাঘ মাসে কনকনে শীত নেই, ঢাকায় হালকা ঠান্ডা ও কুয়াশা

মাঘ মাস মানেই কনকনে শীত। লোকজ প্রবাদে আছে—‘মাঘের শীত বাঘের গায়েও লাগে’। সাধারণত এ সময় দেশের ওপর দিয়ে বয়ে যায় শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তবে চলতি বছর মাঘের শুরুতেই দেখা যাচ্ছে কিছুটা ব্যতিক্রমী চিত্র।
মাঘ মাস শুরু হলেও শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও সূর্য ওঠার পর দ্রুতই বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় রোদের তাপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, যা মাঘ মাসের স্বাভাবিক আবহাওয়ার সঙ্গে কিছুটা বেমানান।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের প্রভাব কম থাকায় এবং শুষ্ক মৌসুমি বায়ুর প্রাধান্য বাড়ায় শীতের তীব্রতা কমে এসেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাবও এ ধরনের আবহাওয়ার পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।
তবে রাজধানী ঢাকায় এখনো শীতের হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় কুয়াশা এবং হিমেল হাওয়ার ছোঁয়া রয়েছে। ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় এই হালকা ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













