আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের আমরা ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও ছেড়ে দিয়েছি। আমরা চাই, সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।’
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আপনারা হয়তো, আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কিভাবে ছেড়েছি, আপনারা দেখেছেন। কারণ, আমরা সবার অংশগ্রহণ চেয়েছি। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না
তিনি বলেন, ‘আই ক্যান এশিউর, আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি।’
তিনি আরও বলেন, ‘আপনারা কোয়ারি করেছেন, কোয়ারি জবাব দিয়েছেন, আই এম এমেজ টু সি এট দিস। এটা আমাদের আলেম ওলামারা বাহাস বলে। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করব ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো।’
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ঋণখেলাপী যাদেরকে ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদের পারমিট করেছে বিধায়।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































