মেট্রো স্টেশনে তল্লাশির মুখে যাত্রীরা, হয়রানির অভিযোগ

রাজধানী ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে যানজটকে পিছনে ফেলে ছুটে চলেছে স্বপ্নের মেট্রোরেল। রাজধানীবাসীর যাতয়াতে অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে এখন মেট্রোরেল। স্বপ্নের মেট্রোরেলের ছোঁয়া ও সুফল এখন বাস্তবে পাচ্ছে সর্বস্তরের মানুষ। তবে সুফলের পাশাপাশি মেট্রোতে প্রচন্ড ভিড়, যাত্রী হয়রানিসহ বিভিন্ন সমস্যায় যাত্রীরা বিরক্ত। ইদানীং রাজধানীর বিভিন্ন মেট্রো রেল স্টেশনে নিরাপত্তা জোরদারের নামে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। তবে ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে যাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছে।
যাত্রীদের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে কিছু ক্ষেত্রে পানির বোতল, ফুল, লাইটারসহ ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র রেখে দিতে বাধ্য করা হচ্ছে। তল্লাশি প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ব্যক্তিগত ব্যাগে নিজস্ব টাকা থেকে শুরু করে দামী জিনিসপত্রও চেক করছে যার ফলে যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন।
একাধিক যাত্রী জানান, সব যাত্রীর ব্যাগ তল্লাশি না করে নির্দিষ্ট কিছু ব্যাগ বা যাত্রীকে লক্ষ্য করে তল্লাশি করা হচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে বৈষম্যমূলক আচরণের অভিযোগও করছেন অনেকে।
এছাড়া তল্লাশির সময় কিছু নিরাপত্তাকর্মীর আচরণ অপ্রীতিকর বলে অভিযোগ রয়েছে। যাত্রীদের সঙ্গে রূঢ় ব্যবহার করা হচ্ছে এবং কোথাও কোথাও জোরপূর্বক পানি বা অন্যান্য জিনিস ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
নিরাপত্তা বিশেষজ্ঞ ও যাত্রীদের একটি অংশ বলছে, ম্যানুয়াল তল্লাশির পরিবর্তে আধুনিক স্ক্যানার ব্যবহার করলে দ্রুত, কার্যকর ও হয়রানিমুক্তভাবে নিরাপত্তা যাচাই করা সম্ভব। এতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না বলেও মত তাদের।
এদিকে, কোন ধরনের জিনিসপত্র মেট্রোতে বহন করা যাবে এবং কোনগুলো নিষিদ্ধ—এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা ও পর্যাপ্ত প্রচারের দাবি জানিয়েছেন যাত্রীরা। তাদের মতে, স্পষ্ট নীতিমালা না থাকায় প্রতিদিনই একই ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের প্রত্যাশা, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাতায়াতকে স্বাচ্ছন্দ্য ও হয়রানিমুক্ত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































