বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। এতে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে মানববন্ধনের ডাক দেওয়া হলেও এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধে নামেন। ফলে সকাল থেকেই অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলাচলরত প্রায় ২ লাখ ৪১ হাজার চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতি নিশ্চিত করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, “একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এখানে মেট্রোরেলের কাজ চলছে, তার ওপর অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরও বেড়েছে।”
অবরোধের কারণে রাজধানীর বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ট্রাফিক বিভাগ জানায়, বিকল্প হিসেবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। আর উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































