স্বর্ণের দামে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:২৯
অ- অ+

ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলারের মাইলফলক পার হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুটির এই সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হয়।

এদিন স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে। লেনদেনের একপর্যায়ে তা আরও বেড়ে ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলারে পৌঁছায়, যা সোনার দামে সর্বোচ্চ বলে বিবেচিত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোনার পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। লেনদেনের শুরুতে রুপার দাম রেকর্ড ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছায়।

স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দাম বিশ্ববাজারে কিছুটা কমেছে। নিরাপদ বিনিয়োগের প্রধান মাধ্যম হিসেবে বর্তমানে বিশ্বজুড়ে সোনারই জয়জয়কার চলছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যনীতি এবং ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, সাধারণত অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটের সময়ে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা দ্রুত বাড়ে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, প্রথাগত রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে নেওয়া ট্রাম্পের সিদ্ধান্তগুলো মূল্যবান ধাতুর বাজারের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত সংক্রান্ত একটি মামলার শুনানি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে তৈরি হওয়া অনিশ্চয়তাও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ট্রাম্প বারবার সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে সাবেক ফিলিস্তিনি মন্ত্রীর পরিবারের ১১২ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা