শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি? ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন স্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?
বুধবার সকালে নিজের ফেসবুক পোস্টে শম্পা বলেন, বাংলাদেশের বিচারহীনতার ইতিহাস নতুন নয়। তিনি উল্লেখ করেন, ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার, আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির।
ওই পোস্টে তিনি লেখেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি? আমাদের বাংলাদেশে যারা বিচারের জন্য লড়াই করি, এটা আমাদের লাইফটাইম প্রশ্ন। বিচার প্রক্রিয়া বারবার পেছানোর আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কতবার যে বিচার পেছানো হবে, তা আল্লাহই ভালো জানেন।
তবে স্পষ্ট ভাষায় তিনি জানান, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়বো।
শম্পা আরও বলেন, হাদি হত্যার বিচার না হলে ভবিষ্যতে এই রাষ্ট্রে আর কোনো অন্যায়ের ঘটনায় মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। তিনি জোর দিয়ে বলেন, হাদি কেবল একটি পরিবারের নয়, তিনি সারা বাংলাদেশের। দেশের মানুষ জানে কোথায় সমস্যা এবং কেন বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে।
পোস্টে তিনি সতর্ক করে বলেন, হাদির পরিবারকে নানা প্রলোভন দেখিয়ে যদি কেউ বিচার কার্যক্রম থামানোর চেষ্টা করে, তবে সেটি চরম ভুল হবে। আপনারা যত দেরি করবেন, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হবো,—যোগ করেন তিনি।
সরকারের পক্ষ থেকে কী দেওয়া হচ্ছে বা হচ্ছে না, সে বিষয়ে আগ্রহ নেই বলেও জানান শম্পা। তার ভাষায়, আমার কনসার্ন একটাই—যেকোনো কিছুর বিনিময়ে আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং তার রেখে যাওয়া আমানত, আমার ছেলে ফিরনাসের নিরাপদ ভবিষ্যৎ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













