কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাণিজ্য নিয়ন্ত্রণ এবং বিদেশী দেশগুলির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একের এক বিভিন্ন দেশে আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। এবার সেই ধারাবাহিকতায় কানাডার সব ধরনের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে যান, তবে যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তার বক্তব্যে বলা হয়, কানাডা যেন কোনোভাবেই চীনের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ‘ড্রপ অব পোর্ট’ বা বিকল্প পথ হিসেবে ব্যবহৃত না হয়।

ট্রাম্পের এই মন্তব্যের ফলে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করার চেষ্টা করে, তবে তা হবে একটি ‘মারাত্মক ভুল’।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৈশ্বিক বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কার্নি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন খাতে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির ঘোষণা দেন।

শুরুতে এই চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও পরে নিজের অবস্থান পরিবর্তন করে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দেন। তবে চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হোয়াইট হাউস ও কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

বিগত কয়েক মাস ধরে ট্রাম্প ও কার্নির মধ্যে ব্যক্তিগত পর্যায়েও উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ হিসেবে উল্লেখ করেছেন এবং প্রধানমন্ত্রী কার্নিকে বিদ্রূপ করে ‘গভর্নর’ বলে সম্বোধন করেছেন। এমনকি কানাডাকে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অংশ করে নেওয়ার ইঙ্গিতও তিনি অতীতে দিয়েছেন।

শনিবারের পোস্টেও ট্রাম্প পুনরায় ‘গভর্নর কার্নি’ শব্দ ব্যবহার করে চীনের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক নিয়ে কঠোর বার্তা দেন। বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্ক যুদ্ধের হুমকি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাণিজ্যিক বিরোধের পাশাপাশি ট্রাম্পের আরও কিছু বিতর্কিত পদক্ষেপ—যেমন গ্রিনল্যান্ড দখলের প্রসঙ্গ ও ন্যাটো জোট নিয়ে নেতিবাচক মন্তব্য—কানাডা ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল, ট্রাম্পের সর্বশেষ এই শুল্ক হুমকি সেই অগ্রগতিকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে। অর্থনীতিবিদদের মতে, ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়বে এবং এর প্রভাব বৈশ্বিক বাজারেও পড়তে পারে।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা