গাজায় আবারও ইসরায়েলি হামলায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬
অ- অ+

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। খবর আনাদোলুর।

উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর নিহত হয়। নিহতরা হলেন ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া এবং ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ। তারা বেইত লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার কথা ছিল, সেই এলাকাতেই এই ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।

এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিট এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। এই এলাকাটিও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের ছাড়ার কথা ছিল।

অন্যদিকে, উত্তর গাজার বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় চালানো হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে শনিবার সকালে মধ্য গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসা সূত্র জানায়, শহরের কেন্দ্রস্থলের জাসের বিল্ডিং মোড়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানোর পর এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩০০ জনের বেশি মানুষ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। এই সময়ের মধ্যে নতুন করে ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা