যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে নিহত ৩০, দুর্ভোগে ২০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৬| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১২
অ- অ+

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষারঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে ভারী তুষারপাত, বরফ জমা ও প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন প্রায় ২০ কোটির বেশি মানুষ।

টেক্সাসে স্লেজিং দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া অস্টিন এলাকায় এক ব্যক্তি হাইপোথার্মিয়ায় প্রাণ হারান। লুইজিয়ানা, মিসিসিপি, আর্কানসাস, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ম্যাসাচুসেটস ও কানসাস অঙ্গরাজ্যেও ঝড়জনিত মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটিতে খোলা জায়গা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিটির মেয়র জোহরান মামদানি।

সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে মেইন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় তীব্র ঠান্ডার সতর্কতা জারি ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের বড় অংশে শূন্যের নিচে তাপমাত্রা ও রেকর্ড শীত অব্যাহত থাকতে পারে, যা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চল, যেখানে বরফে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।

পরিবহন খাতেও বড় ধাক্কা লেগেছে। রবিবার ১০ হাজার ৫০০টির বেশি এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বহু সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা অনলাইনে পাঠদান চলছে।

এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরও একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখতে নাগরিকদের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস