কদমতলীতে গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীকে কুপিয়ে জখম

রাজধানীর কদমতলীতে গণসংযোগকালে জামায়াতের এক নারীকে রামদা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত কাজী মারিয়া ইসলাম বেবি নামে ওই নারী জামায়াতের রুকন ও মহিলা নেত্রী বলে জানা গেছে।
বুধবার বিকালে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের প্রচারণার অংশ হিসেবে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন তারা। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং জয়নুল আবেদীনকে তারা চেনেন না বলে বিভিন্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি আরও জানান, একটি সরু গলির মধ্যে প্রবেশ করলে হঠাৎ কেউ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। হামলাকারীকে তিনি দেখতে পাননি।
এদিকে ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে দলটি। জামায়াতের কদমতলী থানার পক্ষ থেকে রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান গণমাধ্যমকে জানান, জামায়াতের একজন নারীকর্মী আহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












