পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮
অ- অ+

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। প্রদেশটির অন্তত ১২টি শহরে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলার পর গত ৪০ ঘণ্টা ধরে এই পাল্টা অভিযান চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদী নিহত হয় এবং একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে।

এর আগে কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে হামলার দায় স্বীকার করে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, এসব হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরাও রয়েছেন।

শনিবার এক বিবৃতিতে বিএলএ জানায়, তারা বেলুচিস্তানের বিভিন্ন শহরে ধারাবাহিক হামলা চালিয়েছে, যা তারা ‘অপারেশন হেরোফ ফেজ টু’ নামে অভিহিত করেছে। সংগঠনটির দাবি, এই অভিযানে প্রায় ১২ ঘণ্টাব্যাপী নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএলএ’র হামলার কিছু দৃশ্য দেখা গেছে বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিএলএ আরও দাবি করেছে, অভিযানে তাদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এখন পর্যন্ত ৪৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক।

এ ঘটনায় বেলুচিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় কারফিউ ও তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

(ঢাকাটাইমস/২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা