জাপানে তীব্র তুষারপাতে ৩০ জন নিহত, জনজীবন বিপর্যস্ত

জাপানে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত তুষারপাতের কারণে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন, যিনি বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু তুষারের নিচে চাপা পড়ে মারা যান।
ভারী তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যন্ত আওমোরি অঞ্চল। সেখানে কোথাও কোথাও ৪.৫ মিটার (১৫ ফুট) পর্যন্ত তুষার জমেছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার।
দেশটির প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক করে মৃত্যুহার ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
জাপান সাগর উপকূল থেকে আসা তীব্র ঠান্ডা বাতাসের প্রভাবে এই ভারি তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি তুষার জমেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারজনিত দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, নিহত ৯১ বছর বয়সী কিনা জিনও’র মরদেহ আওমোরির আজিগাসাওয়ায় তার বাড়ির কাছে তুষারের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে ভারী তুষার তার ওপর ভেঙে পড়ে। শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একটি অ্যালুমিনিয়ামের বেলচাও পাওয়া গেছে।
আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় সামরিক বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে একা বসবাসকারী বয়স্কদের তুষার পরিষ্কারে সহায়তা দিতে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে প্রায় ১.৮ মিটার উঁচু তুষারের দেয়াল তৈরি হয়েছে। রাস্তা ও বাড়িঘর থেকে তুষার সরানোর সময় কয়েকজন কর্মী চাপা পড়ার ঘটনাও ঘটেছে।
অব্যাহত তুষারপাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষ নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































