সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি তরুণদের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩
অ- অ+

তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত আইন আকারে পাসের দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ূথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশের শিরোনাম ছিল— ‘তরুণ প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে আইন আকারে পাস করুন’।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের মধ্যে ধূমপায়ীর হার ৩৯ দশমিক ১ শতাংশ এবং এর নিচে বয়সী শিশুর মধ্যে ধূমপায়ী রয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এই বিপুল জনগোষ্ঠীকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫–কে আইনে রূপান্তর করা জরুরি।

তরুণ বক্তারা আরও বলেন, তামাক ব্যবহার ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ। বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় দুই লাখ মানুষের অকাল মৃত্যু হয়। এ প্রেক্ষাপটে বিদ্যমান আইনকে আরও কার্যকর করতে সংশোধিত অধ্যাদেশে স্মোকিং জোন বাতিল, সব ধরনের পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি হিটেড টোব্যাকো প্রোডাক্টস (এইচটিপি)সহ বিভিন্ন উদীয়মান তামাকজাত পণ্য নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়েছে এবং প্রথমবারের মতো নিকোটিন পাউচকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞার আওতায় আনা হয়েছে।

বক্তারা বলেন, এই অধ্যাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হলে দেশের তরুণ প্রজন্মসহ সব শ্রেণির মানুষ তামাকের ক্ষতি থেকে সুরক্ষা পাবে।

তাঁরা আরও উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৮ শতাংশই তরুণ। এর মধ্যে ৯ দশমিক ২ শতাংশ তরুণ তামাক ব্যবহার করে। অধ্যাদেশটি আইনে পরিণত হলে তরুণদের মধ্যে তামাক ব্যবহার এবং তামাকজনিত অকাল মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় সরকারি ব্যয় সাশ্রয় হবে এবং পরিবেশগত ক্ষতিও কমবে।

সমাবেশে তামাকের বিজ্ঞাপন ও প্রদর্শন নিষিদ্ধকরণ এবং তামাকজাত পণ্যের মোড়কে ৭৫ শতাংশ সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের উদ্যোগকে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মন্তব্য করেন বক্তারা।

এ সময় তরুণরা আগামী জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানান, জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫–কে আইন আকারে পাস করার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)–এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার