নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রাকালে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে সংঘর্ষের মধ্যেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে এক নারী পুলিশ সদস্যকে চড় মারতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনজন নারী পুলিশ সদস্য জুমার হাত ধরে রেখেছেন। এ সময় পুলিশের কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ করেই তিনি এক নারী পুলিশ সদস্যের মুখে চড় মারেন।
এছাড়া ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় জুমাকে। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ করতেও দেখা যায় তাকে।এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































