দোলনের সমর্থন ফরিদপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা ও তাদের রুখে দিতে বিএনপির ধানের শীষের প্রতি সমর্থন জানিয়েছেন। তার এই সমর্থন ফরিদপুরে ধানের শীষের পক্ষে নতুন মেরুকরণ ও সুনিশ্চিত বিজয় এনে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার‌্যালয়ে দোলনের আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা। এ সময় ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন আরিফুর রহমান দোলন। বৈঠক শেষে দোলন ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের নীতির প্রশ্নে আমি আপস করিনি, করব না। বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। এই শক্তিকে বিভক্ত করা যাবে না।’

নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর সমালোচনা করে দোলন বলেন, ‘যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন। তাদের রুখে দিতে হবে।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করা সময়ের দাবি- এ কথা উল্লেখ করে দোলন বলেন, ‘সেই বিবেচনায় আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।’

দোলনকে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতীক্ষায়। দোলনের এ সিদ্ধান্ত, বিশেষ করে ফরিদপুরে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবে।’

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন আরিফুর রহমান দোলন। প্রচার আছে, সেবার নানা কারসাজি ও ভোট কারচুপি করে তার বিজয় ছিনিয়ে নিয়েছিল তৎকালীন সরকারি দল।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার পর আরিফুর রহমান দোলনের প্রতি বিপুল জনসমর্থন দেখে ষড়যন্ত্রে নামে স্বাধীনতাবিরোধী পক্ষ। তারা দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দিতে ঠুনকো অজুহাতে নিয়ে উচ্চ আদালতে রিট করে। ঋণখেলাপি, দ্বৈত নাগরিত্ব থাকা প্রার্থীদের প্রার্থিতা ফিরিয়ে দিলেও কোনো ধরনের ত্রুটিবিহীন দোলনের প্রার্থিতা ঝুলিয়ে রাখে আদালত। অথচ দিন চারেক পরই ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এই অবস্থায় জাতীয়তাবাদীদের হাত শক্তিশালী করতে আজ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানালেন দোলন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত দোলন বর্তমানে দৈনিক ঢাকটাইমস, টাকাটাইমস২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। কর্মজীবনে তিনি ‘আমাদের সময়’ পত্রিকার নির্বাহী সম্পাদক, ‘বাংলাদেশ প্রতিদিন’-এর উপসম্পাদক এবং ‘প্রথম আলো’র ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর হিসেবে কাজ করেন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার