এনসিপির এমপিরাও এবার শপথ নিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা অবশেষে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দুপুর দেড়টার কিছু আগে এনসিপির নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। শপথ অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এ সংক্রান্ত শপথ ইস্যুতে অনিশ্চয়তার কারণে এনসিপির এমপিরা শপথ না-ও নিতে পারেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিষয়টি নিয়ে এনসিপির ভেতরেও দ্বিধা তৈরি হয়েছিল বলে দলীয় সূত্রে জানা যায়।
তবে শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা এড়াতে এবং সংসদের কার্যক্রমে অংশ নিতে এনসিপি তাদের অবস্থান থেকে সরে এসে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে দলটির অংশগ্রহণ নিশ্চিত হলো।
এদিকে একই ইস্যুতে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমে শপথ না নেওয়ার ঘোষণা দিলেও পরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দলগুলোর এমন অবস্থান পরিবর্তনের ফলে নতুন সংসদের কার্যক্রম শুরুর পথ আরও সুগম হলো এবং সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































