নতুন সরকারের কাছে ১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচি চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি আশা প্রকাশ করেছে, নতুন সরকার একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং দ্রুত ১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেন।
বিবৃতিতে সাইফুল হক বলেন, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবেন—এটাই জনগণের প্রত্যাশা। তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পটভূমিতে অনুষ্ঠিত নির্বাচন ও নবগঠিত সরকারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণ নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলে আশা করা যায়।
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত ১০০ দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করে জরুরি ভিত্তিতে মানুষের স্বস্তি ফেরাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































