আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে উত্তেজনা

সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার জেরে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত ক্যাম্প ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর আলজাজিরা’র।
পাকিস্তানের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পরই এ সামরিক পদক্ষেপ নেওয়া হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। আফগান সূত্রে জানা গেছে, রবিবার সীমান্তবর্তী একাধিক প্রদেশে এই হামলা চালানো হয়, যদিও হামলাকারীদের পরিচয় নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্র বলছে, পাকতিকা প্রদেশে একটি ড্রোন হামলায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়। এছাড়া নানগারহার প্রদেশেও পৃথক হামলার ঘটনা ঘটেছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টার্গেট নির্ধারণ করে সামরিক বাহিনী অভিযান চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
মন্ত্রণালয় আরও দাবি করে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হয়েছে এবং এ বিষয়ে তাদের কাছে চূড়ান্ত প্রমাণ রয়েছে।
এদিকে, সীমান্তঘেঁষা অঞ্চলে এ হামলাকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঘটনাটির প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে।
(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































