সর্বনিম্ন দামে ফোরজি ফোন আসল বাজারে

দেশে সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা আরও বিস্তৃত করতে জিপি কো-ব্র্যান্ডেড ‘প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন’ উন্মোচন করেছে গ্রামীণফোন ও প্রাণ-আরএফএল গ্রুপ। ১ হাজার ৮৯৯ টাকা দামের এই ফোনটিকে দেশের সর্বনিম্ন মূল্যের ফোরজি ক্লাউড ফোন বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীর জিপিহাউজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।
প্রতিষ্ঠান দুটি জানায়, ডিভাইসটিতে বিল্ট-ইন ‘মাইজিপি’ অ্যাপ রয়েছে। পাশাপাশি ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও কল করা যাবে। সহজ ব্যবহার ও প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ মাথায় রেখে ফোনটি তৈরি করা হয়েছে।
ডিভাইসটির সঙ্গে বিশেষ ডাটা অফারও থাকছে। প্রোটন জেট ফোরজি কিনলে গ্রাহকরা এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট (৭ দিনের মেয়াদ) পাবেন। এ ছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কেনা যাবে। ইউএসএসডি কোড ১২১১২৬০# ডায়াল করে এ অফার নেওয়া যাবে।
ইয়াসির আজমান বলেন, সংযোগই সুযোগ তৈরির ভিত্তি। এই কো-ব্র্যান্ডেড ফোরজি ক্লাউড ফোনের মাধ্যমে আরও বেশি মানুষকে সাশ্রয়ী ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল বৈষম্য দূর করে নতুন ব্যবহারকারীদের প্রযুক্তির সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
আহসান খান চৌধুরী বলেন, উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান মানুষের কাছে পৌঁছে দিতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সংযুক্তির আওতায় আনতেই ফোনটি ডিজাইন করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি বলছে, এ উদ্যোগ দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়াবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































