দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন মুশফিকুর রহিম

পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফেরার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরব থেকে দেশে ফেরার পথে আকাশপথ বন্ধ হয়ে পড়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
রবিবার (১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।
এর আগে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবে আটকে পড়ার কথা একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন মুশফিক। উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে সৌদিতে অবস্থান করছিলেন মুশফিক।
এদিকে, মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













