দেশের তিনটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা, ১ নম্বর সংকেত জারি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার (২৪ মার্চ) দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। দেশজুড়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












