তেলের অবৈধ মজুতকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার

সরকার জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের তথ্য দেবার জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে।
সরকার জানিয়েছে, মাঠ প্রশাসন ইতিমধ্যেই একাধিক চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে এই প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায়, উচ্চমূল্যে আমদানিকৃত তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এই আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মজুতের বিষয়ে সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাদের পুরস্কৃত করবেন। তথ্য প্রদান করতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সক্ষম।
(ঢাকাটাইমস/৩০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












