প্রাথমিক শিক্ষার্থীদের বিশাল সুখবর দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারপ্রধান এই তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এদিন নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব। সংসদ নেতা হিসেবে এটিই ছিল তাঁর প্রথম প্রশ্নোত্তর পর্ব, যেখানে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
অধিবেশনের নির্ধারিত ৩০ মিনিটে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের শিক্ষা ও প্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, ‘জনগণের রায়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা রয়েছে, তেমনি যারা ভোট দেননি—সবার জন্যই সমানভাবে কাজ করা আমার সাংবিধানিক দায়িত্ব। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছে।’
শিক্ষা খাতের আমূল পরিবর্তন আনতে ১৮০ দিন, এক বছর এবং পাঁচ বছর মেয়াদী পৃথক কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১৮০ দিনের মধ্যে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে স্মার্ট ট্যাব প্রদান করা হবে।
জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী আরও জানান, ডিজিটাল ক্লাসরুম প্রসারের লক্ষ্যে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ চলছে। এছাড়া বিশ্ববাজারে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে ১৭২ জন শিক্ষার্থীকে বিশেষায়িত ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় উচ্চগতির বিনামূল্যে ওয়াই-ফাই সেবা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











