শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের নতুন সময়সূচি ঘোষণা

মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সপ্তাহে তিনদিন অনলাইনে এবং তিনদিন সরাসরি (অফলাইন) ক্লাস অনুষ্ঠিত হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী—
- শনিবার: অফলাইন ক্লাস
- রোববার: অনলাইন ক্লাস
- সোমবার: অফলাইন ক্লাস
- মঙ্গলবার: অনলাইন ক্লাস
- বুধবার: অফলাইন ক্লাস
- বৃহস্পতিবার: অনলাইন ক্লাস
মন্ত্রী জানান, শিক্ষার্থীরা নির্ধারিত দিনে স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং অনলাইন ক্লাসের দিনগুলোতে বাসা থেকে পাঠগ্রহণ করবে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত আপাতত মহানগর ও মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে, সারা দেশে নয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে শুরুতে এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, অনলাইন ক্লাস পরিচালনায় ওয়াইফাইসহ প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, কোনো সিদ্ধান্তই এমনভাবে নেওয়া হবে না যাতে দেশের শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।
(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













