ভিজিটর ভিসার মেয়াদ শেষ পর্যন্ত থাকা যাবে না যুক্তরাষ্ট্রে

ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করা যায় না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন, তা নির্ধারণ করেন প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা একজন ভ্রমণকারীর অবস্থানের অনুমোদিত সময় নির্ধারণ করেন। এই সময়সীমা বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের সঙ্গে এক নয়।
দূতাবাস আরও জানায়, একজন ভ্রমণকারী কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে তাঁর আই-৯৪ ফর্মে উল্লেখিত ‘admit until date’ দেখতে হবে। এই তথ্য অনলাইনে i94.cbp.dhs.gov ওয়েবসাইটেও পাওয়া যায়।
দূতাবাস ভ্রমণকারীদের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












