অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতে জনস্বার্থে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআরের এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের জন্য স্বস্তি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
(ঢাকাটাইমস/১৫ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































