চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে কাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার।
তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। তবে নিহত দুই শ্রমিকের পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন সাগর ও এরশাদ। তারা বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খননের সময় হঠাৎ চার শ্রমিক মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সিনো হাইড্রো এই স্যুয়ারেজ প্রকল্পের কাজ করছে। তিনি জানান, গভীর রাতে ট্রায়াল পিট করার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে।(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































