রাতের মধ্যেই ১১ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা

দেশের ১১ জেলার ওপর দিয়ে বুধবার রাতের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে দেশের অন্যান্য এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার, ময়মনসিংহে ১১৫ মিলিমিটার, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৪ মিলিমিটার এবং কুমিল্লায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের অধিকাংশ জেলাতেই এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনে কিছুটা কমতে পারে। এতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































