টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ বিঘা পাকা ধান তলিয়েছে

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে প্রায় ৬০০ বিঘা জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এক-দুই দিনের মধ্যে বৃষ্টি না কমলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হাওর ও নন-হাওর এলাকা মিলিয়ে ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে প্রায় ৭৩ শতাংশ ধান ঘরে তোলা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
স্থানীয় কৃষকরা জানান, অনেক এলাকায় ধান কেটে জমিতে গাদা করে রাখা হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে সেই ধান শুকাতে না পারায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বোরো ধান আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১০ হাজার ৬৬০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১ লাখ ১১ হাজার ৭৭০ হেক্টর জমিতে। এ মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন।
দ্রুত ফসল ঘরে তুলতে জেলায় বর্তমানে ৭৯০টি কম্বাইন্ড হারভেস্টার কাজ করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। চলতি মৌসুমে প্রতি বিঘা জমির ধান কাটার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা।
এছাড়া কম্বাইন্ড হারভেস্টারের কার্যক্রম সচল রাখতে প্রতিটি যন্ত্রের জন্য জ্বালানি কার্ড সরবরাহ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা ইমরান হোসেন বলেন,,, কৃষকদের ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কাজ চলছে। দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































