নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ২৩:২১
অ- অ+

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খালসংলগ্ন লিচুবাগ এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‍্যাব-১১ এর তিন সদস্য আহত হয়েছেন।

আহত র‍্যাব সদস্যরা হলেন নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অতিরিক্ত র‍্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করে এলাকায় অভিযান চালানো হয়।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া খাল এলাকা দীর্ঘদিন ধরে মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের আস্তানা হিসেবে পরিচিত। মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদক কারবারিদের অবস্থান ও তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সেখানে যায়। এলাকায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় র‍্যাব সদস্যদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও অন্য র‍্যাব সদস্যরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। একজনের মাথা ও হাতে গুরুতর জখম হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

র‍্যাব ও পুলিশ কর্মকর্তারা জানান, হামলার সঙ্গে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে চাপাতি ও রামদা নিয়ে হামলা চালাতে দেখা গেছে। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘র‍্যাবের ওপর হামলা করে কেউ পার পাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি ধীরে ধীরে মাদকসেবী ও সন্ত্রাসীদের আড্ডাকেন্দ্রে পরিণত হয়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ সেখানে যেতে ভয় পান। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, ‘প্রতিদিনই এখানে মাদকের আসর বসে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হয়।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা