কাপাসিয়ায় ৫ খুন
পাশাপাশি কবরে শায়িত মা ও তিন মেয়েসহ একই পরিবারের ৫ জন

গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার মা–মেয়েসহ পাঁচজনকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের কবরস্থানে সারিবদ্ধ পাঁচটি কবরে তাদের দাফন করা হয়।
এর আগে সকাল ৬টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ময়নাতদন্ত শেষে মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহতরা হলেন- শাহাদাৎ মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩৫), তার তিন মেয়ে মীম আক্তার (১৪), হাবিবা (১০), ফারিয়া (২) ও শারমিনের ছোট ভাই রসুল মোল্লা (১৯)।
সকালে সরেজমিনে ফকিরবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা মরদেহবাহী অ্যাম্বুলেন্স। যে বাড়ির আঙিনায় কদিন আগেও তিন শিশু খেলাধুলা করত, সেখানেই আজ তাদের গোসলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। গ্রামবাসী ও স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না।
নিহত শারমিনের মা ফিরোজা বেগম শোকে পাথর হয়ে গেছেন। বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, আমার দুই সন্তান আর তিন নাতনিকে যারা শেষ করে দিল, আমি তাদের ফাঁসি চাই।
শারমিনের বড় বোন ফাতেমা বেগম অভিযোগ করেন, শারমিনের স্বামী ফোরকান মোল্লা সন্দেহপ্রবণ ছিলেন। শারমিনকে ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হতো না। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে সব সহ্য করত।
নিহতদের বাবা শাহাদাৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক স্বামী ফোরকান মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
শাহাদাৎ মোল্লা অভিযোগ করে বলেন, ফোরকান নেশা করত এবং তার পরকীয়া সম্পর্ক ছিল। এক বছর ধরে সে যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করছিল। আমাদের ধারণা, সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি ওর ফাঁসি চাই।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক জানান, ঘটনাটি গাজীপুরে ঘটলেও এটি একটি স্পর্শকাতর ও বড় অপরাধ। ঘাতক ফোরকানসহ জড়িতদের ধরতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
এর আগে গতকাল শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে ফোরকান মোল্লার বাড়ি থেকে এই পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ফোরকান। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











