প্রাণঘাতী হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১৫:০১| আপডেট : ১২ মে ২০২৬, ১৫:০২
অ- অ+

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে শিশুদের মধ্যে অপুষ্টি, দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা মৃত্যুহার বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় দীর্ঘদিন পর আবারও ভয়াবহভাবে ফিরে এসেছে হাম।

জনস্বাস্থ্য বিশ্লেষকদের ভাষ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে টিকা কার্যক্রম ব্যাহত হলে তা দ্রুত রোগের বিস্তার ও পুনরুত্থানের ঝুঁকি বাড়ায়, বর্তমান পরিস্থিতি তারই প্রতিফলন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উচ্চ টিকাদান কাভারেজ বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অগ্রগতি অর্জন করলেও সাম্প্রতিক সময়ে হাম পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে টিকা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটার অভিযোগ রয়েছে। এর ফলে দেশে নির্দিষ্ট সময়ের জন্য টিকা সরবরাহে ঘাটতি তৈরি হয় এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে প্রভাব পড়ে, যা পরবর্তীতে রোগ প্রতিরোধে দুর্বলতা সৃষ্টি করতে পারে।

ক্রয়পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুত না রেখেই বন্ধ করে হাম ও পোলিওর মতো রোগের টিকা। জরুরি টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপদজনক হতে পারে জানিয়ে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকে সতর্ক করেছিল ইউনিসেফ। কিন্তু তা আমলে নেয়নি সরকার। এ কারণেই এক সময় প্রায় নির্মূল হওয়া হাম ভয়ংকর রূপে ফিরেছে বলে অভিমত বিশেষজ্ঞের।

(ঢাকাটাইমস/১২ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার