১৬ মে রাজশাহীতে ১১ দলের সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’।
বৃহস্পতিবার (১৪ মে) নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে শনিবার বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতাদের।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে কথা বলবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির মাওলানা কেরামত আলী।বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি: ডা. ইমাজ উদ্দিন মন্ডল।
বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি সাইফুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।
বক্তারা বলেন, দেশের জনগণ আজ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।
গণতন্ত্রের মূল শক্তি জনগণ উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, ‘জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































