কুষ্টিয়ায় জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত, ১৬ সদস্যকে পুরস্কার

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, বিভিন্ন ইউনিটের সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিগত মাসে উত্থাপিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় এপ্রিল মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ছিলেন শ্রেষ্ঠ এসআই, এএসআই, সার্জেন্ট/টিএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং চৌকস কনস্টেবলরা। এছাড়া কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সদ্য অবসরে যাওয়া এক সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, ওয়ারেন্ট তামিল, তদন্ত কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদারসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































