সুন্দরবনে জেলে নিহতের ঘটনায় নীলডুমুরে উত্তেজনা, বন বিভাগের অফিস ভাঙচুর: বিজিবির প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় এক জেলের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বন বিভাগের অফিসে ভাঙচুর চালিয়েছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শতমুখি খালসংলগ্ন পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেলে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয় জনতা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়। এ সময় বন বিভাগের চার কর্মী আহত হন বলে জানা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজিবির এক প্লাটুন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে উত্তেজনা প্রশমিত হয়। আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
(ঢাকাটাইমস/১৯ মে/এসএস/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































