টেকনাফে জাল টাকা তৈরির কারখানায় বিজিবির অভিযান, আটক ২

কক্সবাজারের টেকনাফে জাল টাকা প্রস্তুতকারী চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার বেশি মূল্যের জাল নোট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও একটি অটোরিকশাসহ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আজিজুর আহম্মদ ও নাজমুল। তাদের মধ্যে আজিজুর জাদিমুরা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা এবং নাজমুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় তারা। এ তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে জাদিমুরা বাজারসংলগ্ন লেদা ও দমদমিয়া এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী একটি চক্রকে শনাক্ত করা হয়।
পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বিজিবির একটি বিশেষ গোয়েন্দা দল জাদিমুরা বাজার, মুচনী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। দুপুরের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি অটোরিকশাযোগে জাল টাকা তৈরির কারখানায় আসতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে হ্নীলার দিকে রওনা দেন। এ সময় তাদের আটকের লক্ষ্যে মুচনী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দমদমিয়া এলাকার দিকে পালানোর চেষ্টা করলে বিজিবির আভিযানিক দল ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকা মূল্যের জাল নোট, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি রঙিন প্রিন্টার, জাল নোট তৈরির কাঁচামাল ও টাকা কাটার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের মাধ্যমে জাল টাকা প্রস্তুতকারী চক্রের তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































